ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা হাদির নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। তবে এই ঘটনা নিয়ে কেউ রাজনৈতিক সুবিধা লুটতে পারে না। যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, তারা যেন তা কাজে লাগাতে না পারে। দেশের জনগণকে সচেতন থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র সফল না হয়।’
তিনি আরো বলেন, ‘হাদির হত্যার পেছনে একটি বড় ষড়যন্ত্র কাজ করছে। কিছু মহল দেশে অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। এ বিষয়ে দেশি-বিদেশি স্বার্থান্বেষী শক্তি জড়িত থাকতে পারে। তবে জনগণকে বিপথগামী হওয়া সম্ভব নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যাবে না।’
সালাহউদ্দিন জানান, বিএনপির পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ২৫ ডিসেম্বর। তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে স্পষ্ট বার্তা দেওয়া হবে। সমাবেশে জানানো হবে, কোনো ষড়যন্ত্র আর দেশের অগ্রগতিতে বাধা দিতে পারবে না।
এ সময় তিনি আরো জানান, আসন্ন নির্বাচনের জন্য দলের বাকি প্রার্থীদের মনোনয়ন বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।